পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা

শেরপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা। এতে যেমন পরিচ্ছন্ন হচ্ছে এলাকা, তেমনি দূষণমুক্ত হচ্ছে পরিবেশ। আর সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, দূর হচ্ছে বেকারত্ব। উদ্যোক্তাদের দাবি, সরকারি কিংবা বেসরকারিভাবে ঋণ দেয়ার। এদিকে, ক্ষুদ্র ঋণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস, বিসিক শিল্প নগরীর।
শেরপুর শহরের কুসুমহাটি এলাকায় গড়ে উঠেছে সুতা তৈরির কারখানা। শহরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে আনে শ্রমিকরা। পরে মেশিনে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়। এই প্লাস্টিকের টুকরো গলিয়ে তৈরি করা হয় সুতা। যা কেঁকড়া নামে পরিচিত। এতে পরিবেশ মুক্ত হচ্ছে দূষণের হাত থেকে। পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে বেকারদের।
প্রায় একবছর আগে কুসুমহাটির নিজ বাড়ির পাশে তিনজন অংশীদার নিয়ে কারখানা গড়ে তোলেন আরশাদ আলী। বর্তমানে এই সুতা, শেরপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় যাচ্ছে। বর্তমানে এ কারখানায় কাজ করছেন ১০/১২জন শ্রমিক। তারা এ কাজ করে সংসারের চাকা ঘোরাচ্ছেন।
এদিকে, কারখানার পরিধি বাড়াতে সরকারি কিংবা বেসরকারিভাবে ঋণ দেয়ার দাবি উদ্যোক্তাদের। উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণসহ সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা এস এম রেজুয়ানুল ইসলাম।
শেরপুরে এমন ৩-৪টি কারখানা রয়েছে। ব্যবসায়ীদের কাছে কেঁকড়া সুতা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণে দিন দিন বাড়ছে এর চাহিদা। মাটি ও পরিবেশ রক্ষায় সারাদেশেই কেঁকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার,এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শাকিল মুরাদ, শেরপুর প্রতিনিধি



