দেশবাংলা

৪৯ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি লোকমান আলীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত সনদপত্র থাকার পরও, দীর্ঘ ৪৯ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি, নোয়াখালীর শহীদ মুক্তিযোদ্ধা লোকমান আলীর। সারাদেশ যখন বঙ্গবন্ধুর জন্মশত উদযাপনের দারপ্রান্তে, তখন বঙ্গবন্ধুর দেয়া সৃতিচিহৃ নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, লোকমান আলীর স্বজনরা। অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানেরা।

লোকমান আলী পাকিস্তান আমলে দিনাজপুর পানী উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি নীলফামারীর ডিমলা উপজেলায় ভাইয়ের বাড়িতে থাকতেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিভিন্নস্থানে সম্মুখযুদ্ধে অংশ নেন।

একই সালের ৯ ডিসেম্বর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের সটিবাড়ি হাট এলাকায়, তিনি পাক বাহিনী তাকে হত্যা করে। সেখানকার গণকবরে তার নামও রয়েছে। তার আত্মদানের স্বীকৃতি স্বরুপ ১৯৭২ সালের ৬ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি সনদপত্র ও ২  হাজার টাকার চেক প্রদান করা হয়।

তারপরও স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছরেও এই মুক্তিযোদ্ধার নাম শহীদ হিসেবে তালিকাভূক্ত হয়নি। লোকমান আলীকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত ও শহীদ পরিবারের সদস্যদের যথাযথ মর্যাদা প্রদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন, এলাকাবাসী ও স্বজনরা। লোকমান আলীকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভূক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও।

প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভূক্ত করার দাবি জানিয়েছেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী। আর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন, উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা।

মুজিব বর্ষ উদযাপনের প্রাক্কালে জাতীর পিতার দেয়া স্মৃতিচিহৃ বহনকারী মুক্তিযোদ্ধা লোকমান আলীকে, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করার উদ্যোগ নেবে সরকারসহ সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা সবার।

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button