দেশে ফেরা হলো না মালেকার

লেবানন থেকে দেশে ফেরার পথে উড়োজাহাজে মারা গেছেন, মালেকা বেগম নামে বাংলাদেশি এক নারী কর্মী।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে, মালেকা বেগমসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি কর্মী, দেশের উদ্দেশ্যে রওনা দেন।
এরা সবাই ছিলেন দূতাবাসের সেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায় নিবন্ধিত কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসী। উড্ডয়নের প্রায় ২ ঘন্টা পরেই, মিশরের আকাশসীমায় মালেকা বেগম হুদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়। এ সময় পাইলট ফ্লাইটটিকে মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরন করে, মালেকা বেগমের মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বাকি যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দ্যেশ্যে রওনা দেয় ফ্লাইটটি। কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সকল আনুষ্ঠানিকতা শেষে, তাঁর মরদেহ মঙ্গলবার বাংলাদেশে পাঠানো হবে বলে, বৈরুত দূতাবাস জানিয়েছে। তিনি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দূর্গাপুর গ্রামের হবিজ উদ্দিন ফকিরের মেয়ে।



