
সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব কার্যক্রম সম্পন্ন করে লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছে কারাগারে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি রোববার বিকাল ৫টার পরে ট্রাইব্যুনালে এসে পৌঁছায়, আজ সোমবার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল সোয়া ৪টার দিকে মৃত্যুপরোয়ানা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইনমন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসককে মৃত্যু পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে, এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে রায়ের কপি পাইনি। রায়ের কপি পেলে রিভিউ করব।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পেয়েছেন আজহার। এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন ও ধর্ষণসহ অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ নম্বর অভিযোগে (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগে দণ্ড বহাল রাখেন। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। খবর: সারাবাংলা



