টঙ্গীতে চলছে কোচিং সেন্টার

সরকারের নির্দেশের পরও টঙ্গীতে বন্ধ হয়নি প্রাইভেট কোচিং সেন্টার। বাংলা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। প্রশাসন বলছে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত সকল স্কুল এবং কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।
করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সকল স্কুল-কলেজ এবং কোচিং সেন্টার। এই নির্দেশনা অমান্য করে টঙ্গীতে অবাধে কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছেন অনেকেই।

মন্ত্রণালয়ের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টঙ্গীর কলেজগেট সহ বেশ কয়েকটি জায়গায় খোলা রাখা হয় কোচিং সেন্টার। বাংলা টিভির ক্যামেরা দেখে কোচিং সেন্টারের শিক্ষকরা অনেকেই সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছেন। শিক্ষকরা বলছেন তারা শেষ ক্লাস করানোর জন্য কোচিং খোলা রেখেছে।
তবে কিছু শিক্ষার্থীরা বলছে, সামনে তাদের এইচএসসি পরীক্ষা, তাই শিক্ষার্থীরা কোচিং করানোর জন্য শিক্ষকদের জোর করছেন।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) থোয়াই অংপ্রু মারমা বলেন, সরকারিভাবে যে নির্দেশনা দেয়া হয়েছে তা অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। টঙ্গীতে প্রায় কোচিং সেন্টারের সংখ্যা অর্ধশতাধিক।
মোঃ তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



