বিশ্ববাংলা

লেবাননে প্রায় দেড় লাখ বাংলাদেশির মানবেতর জীবনযাপন

লেবাননে করোনার প্রকোপ কমে আসায় দেশটির সরকার কারফিউসহ, অন্যান্য আইন শিথিল করলেও দেশটিতে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশি, এখনও বাসাভাড়া খাওয়া খরচসহ, নানা সংকটে রয়েছেন। দুর্দশাগ্রস্ত প্রবাসীদের চাহিদার তুলনায় অপর্যাপ্ত সরকারী ত্রাণ পেয়ে কিছুটা স্বস্তি বোধ করলেও, তারা আরো সাহায্যের অনুরোধ জানান।

এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেয়াদোত্তীর্ণ ইকামা নবায়ন করা যাবে বলে ঘোষণা দিয়েছে, দেশটির সরকার। বিশ্বের প্রায় সবকটি দেশে করোনা ভাইরাসের আগ্রাসন অব্যাহত থাকলেও, লেবাননের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গত এক সপ্তাহে নতুন করে কারো মৃত্যু হয়নি বরং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন।

এতে, আশাবাদী হয়ে সরকার দেশটিতে চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করে, রাত ৮টা থেকে নির্ধারণ করেছে। লকডাউনের কবলে পড়ে লেবানন প্রবাসী প্রায় দেড় লাখ বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন। অনেক আগেই কাজ হারিয়েছেন, বেতনও পাচ্ছেন না। বাড়িভাড়া আর খাওয়া খরচ মেটাতে না পেরে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই।

বৈরুত দূতাবাসের পাশাপাশি লেবাননের বেশকিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হলেও, ত্রাণ নিতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরে গেছেন অনেকেই। নানা সংকটে দুর্দশায় ভুগতে থাকা এসব প্রবাসীরা দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে আরো সাহায্যের আবেদন জানিয়েছেন।

এদিকে, যে সকল প্রবাসীদের ইকামা ও ওয়ার্ক পারমিট, ১১ মার্চ বা তার পরে মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, বিনা জরিমানায় এসব কাগজপত্র নবায়নের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে, দেশটির জেনারেল সিকিউরিটি। সবশেষ আশার খবর হলো দেশটিতে স্থানীয় সময় গত মঙ্গলবার নতুন করে কেউ করোনা শনাক্ত হয়নি।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button