মাদারীপুরে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই রায় দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।
এই মামলা থেকে ১৪ জন আসামি খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্তরা রায় দেওয়ার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। বর্তমানে আসামিরা জামিনে গিয়ে পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে হত্যার শিকার সেকান্দার রাজৈরের বাসাবাড়ি ব্রিজের কাছে এলে আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করেন। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এই মামলার পিপি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আসামি পক্ষের ওপর অপরাধ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।



