গুরুদাসপুরে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াপদা মাদরাসার ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত কিশোরী পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালিখা গ্রামের খলিলের মেয়ে। সে নাজিরপুর চন্দ্রপুর ওয়াপদা এলাকার মাদরাসাটিতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটিতে ওই কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে অসচ্ছতা থাকায় ঘটনার চারপাশ জুড়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো দুর্ঘটনা—তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কিশোরীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য প্রকাশ পাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি পরিবার।



