আন্তর্জাতিকইউরোপ
স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

করোনাভাইরাসে মৃত নাগরিকদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন। বুধবার থেকে এ শোক পালন শুরু হবে। মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়, এ সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ১০ দিনের রাষ্ট্রীয় শোকের সমাপনী দিনের আয়োজনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেসময় মৃতদের সবাইকে বিশেষভাবে স্মরণ করা হবে।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭১৭ জন। আক্রান্ত দেশের তালিকায় বিশ্বে স্পেন চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৮৩ হাজারের বেশি।



