অন্যান্যবাংলাদেশ

দেশে নতুন শনাক্ত ১৫৪১, মৃত ২২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জনে।

অন্যদিকে, বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৪৩ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৪ হাজার ৩৪৬ জন। শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় দেশটি এখন ১০ নম্বরে অবস্থান।

সংশ্লিষ্ট খবর

Back to top button