হাওর অঞ্চলে পাঠানো হচ্ছে কৃষি শ্রমিক

কুড়িগ্রাম জেলার কৃষি শ্রমিকরা হাওর অঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে যাওয়া শুরু করেছে। প্রতি বছর ধান কাটার মৌসুমে জেলার লক্ষাধিক কৃষি শ্রমিক বাইরে ধান কাটতে গেলেও, এবার করোনা পরিস্থিতির কারণে যেতে পারেননি। তবে বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে কৃষি শ্রমিকদের যাত্রা।
ধান রোপন কিংবা ধান কাটার মৌসুমে হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যায় কুড়িগ্রামের লক্ষাধিক কৃষি শ্রমিক। কৃষি কাজে দক্ষতা থাকায়, সারা দেশেই চাহিদা রয়েছে এ জেলার কৃষি শ্রমিকদের। তবে, এবারের ভরা মৌসুমেও করোনা পরিস্থিতিরি কারণে, যেতে পারেনি এসব শ্রমিকরা।
ফলে সময়টাতে হাতে কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। এমন অবস্থায় সরকারের বিশেষ উদ্যোগে কুড়িগ্রাম থেকে হাওর অঞ্চলে পাঠানো শুরু হয়েছে কৃষি শ্রমিক। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন, অনেকের ভীতি ছিল। তবে, এখন শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে যাওয়া শুরু হলো।
কয়েকদিনের মধ্যে কয়েক হাজার কৃষি শ্রমিক পৌঁছে দেশের বিভিন্ন এলাকায়। অপর দিকে গাড়ি মালিকরা বলছেন,ন্যায্য ভাড়ায় তারা পৌঁছে দিবেন এসব শ্রমিকদের। জেলা প্রশাসনের তত্বাবধানে কুড়িগ্রাম কৃষি বিভাগ এই যাওয়ার প্রক্রিয়াটি শুরু করেছে। কৃষি শ্রমিকদের তালিকা তৈরি করে, তারা যেসব এলাকায় যাবেন সেখানকার জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে সমন্বয়ও করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় কৃষি শ্রমিকদের পাঠানো অব্যাহত রাখা গেলে হাওর অঞ্চলসহ, দেশের বিভিন্ন অঞ্চলের ধান যেমন কাটা সম্ভব হবে তেমনি অভাবও ঘুচবে কৃষি শ্রমিকদের।



