পদ্মা সেতুতে বসেছে ৩০তম স্প্যান

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩০তম স্প্যান। ফলে, দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৫শ মিটার।
সকালে স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ৩০তম স্প্যানটি বসানোর পর ৩১তম স্প্যান বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। আর ৩১তম স্প্যানটি বসে গেলে, জাজিরা প্রান্তের সব কটি স্প্যান বসানো হয়ে যাবে।
শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে, ১০টি স্প্যান বসানোর কাজ। খুব শিগগিরই সেটাও সম্পন্ন করা হবে। পুরো পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল।
একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই, পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।



