করোনা ঝুঁকি কমে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

রোববার (৩১ মে) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি না কমা পর্যন্ত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার আয়োজন করা হবে না।
ডা. দীপু মনি বলেন, এই সময়ে পরীক্ষা হলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। যখনই আমরা মনে করব পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, তখনই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। এক্ষেত্রে প্রস্তুতির জন্য ১৫ দিন সময় দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের সব প্রস্তুতি ছিল। তবে প্রস্তুতি শেষ করেও এবারের এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু করা যায়নি। শেষ সময়ে এসে আমাদের পিছিয়ে যেতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কারণ সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা। পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না।
এর আগে, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও সূচনা বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাই তাদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। সে কারণেই এখনই দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমলে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।



