লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের আটক-২

লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব সদস্যরা। বুধবার দুপুরে সিরাজগঞ্জে র্যাব-১২র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাবের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল, মোহাম্মদ খায়রুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি লিবিয়া প্রবাসী বরগুনার মুরশিদ গাজী ও বগুড়ার সাইফুল ইসলাম লিবিয়ায় অপহৃত হন। অপহরণকারীরা ফেক ফেসবুক আইডি থেকে ২ পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাদের হত্যার হুমকিও দেয়া হয়। এসময় তারা বিকাশসহ বিভিন্নভাবে মুরশীদের পরিবার ১লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১লাখ ৫০ হাজার টাকা দেয়।
সম্প্রতি র্যাব নির্যাতনের ভিডিও এবং মোবাইল নম্বরগুলোর সুত্র ধরে অভিযান পরিচালনা করে। গেল মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে অপহরণকারী চক্রের মুল সদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলীকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল, ২৯টি সীমকার্ড, হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করে। তবে, অপহৃতরা লিবিয়ায় সুস্থ্য রয়েছেন বলে জানায় র্যাব। এদিকে, সম্প্রতি লিবিয়ায় হত্যাকান্ডের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থেকে চার মানবপাচারকারী দলের সদস্যকে আটক করা হয়।



