বিশ্ববাংলা

কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সৌদি প্রবাসীরা

প্রায় তিন মাস লকডাউন থাকার পর এবার অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে সৌদি আরবের জনজীবন। দীর্ঘদিন পর গৃহবন্দি থাকা প্রবাসীরা ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। অনেকদিন পর থেকে বাইরে বের হতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।

প্রাণঘাতী করোনাভাইরাস মরুভূমির দেশ সৌদি আরবে হানা দেয় মার্চের শুরুর দিকে। একই মাসের ২ তারিখে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় দেশটিতে। এরপরই সৌদি আরব সরকার আন্তর্জাতিক ফ্লাইট ও বিভিন্ন ভিসার মধ্য দিয়ে ১৪ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করে।

পরবর্তীতে ধাপে ধাপে মক্কা মদীনায় জিয়ারত বন্ধসহ, শপিং মল, হোটেল-রেস্তোরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি, সবশেষ মসজিদ বন্ধের ঘোষণা দেয়া হয়। এর ফলে পুরো সৌদি আরব জুড়ে জনজীবন হয়ে পড়ে স্তব্ধ।

প্রায় ৮০ দিন সবকিছু বন্ধ থাকায় দেশটিতে কমতে থাকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, ঠিক তখনই গত মাসের ২৮ থেকে কারফিউ শিথিলের ঘোষণা দেন সৌদি আরব সরকার। একই সাথে ঘোষণা দেন কর্মস্থলে ফিরে যাওয়া এবং মসজিদে নামাজ আদায়ের। সেই সাথে দেশের অভ্যন্তরে শহর থেকে অন্য শহরে যাতায়াত এর উপর থেকেও তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা।

গত ৬ দিন ধরে প্রবাসীদের অনেকে ফিরেছেন কর্মস্থলে, দীর্ঘদিন পর বাইরে এসে স্বস্তি প্রকাশ করেন তারা, অন্যকে সতর্ক করেছেন স্বাস্থ্যবিধি মেনে চলা ফেরা করার। চলতি মাসের শেষদিকে স্বাভাবিক জীবনে ফেরার আশ্বাস দিয়েছেন সৌদি সরকার। এখন কর্মস্থলে লোক সমাগম একটু কম হলেও ধীরে ধীরে তা বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রবাসীরা।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০  হাজার মানুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৬৬ হাজার, মারা গেছেন ৫৪৯ জন, যার মধ্যে ১৯৩ জন বাংলাদেশি। খুব শীঘ্রই করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন দেশটিতে থাকা প্রায় ২২ লক্ষ প্রবাসী, এমনটাই প্রত্যাশা সবার।

সাইফুল রাজিব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button