
দেশের সব হাসপাতালে আইসিইউ’র সংখ্যা এবং করোনা রোগির জন্য হাসপাতালে কয়টি আইসিইউ বেড রয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা রয়েছে কিনা তাও জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী বুধবারের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এসব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এসব নির্দেশনা দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে রোববার করোনাকালীন দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে একটি রিট দায়ের করা হয়।



