আমিরাত থেকে শ্রমিকদের ফেরত না পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

করোনা মহামারির কারণে বাংলাদেশি শ্রমিকরা যেন চাকরিচ্যুত হয়ে দেশে ফেরত না আসে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আল সায়েঘের সঙ্গে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এই অনুরোধ করেন।
এসময় সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ড. মোমেন বলেন, কেউ চাকরিচ্যুত হলেও যেন কমপক্ষে ছয় মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হয়।
এছাড়া প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।
বাংলাদেশ থেকে সবজি এবং হালাল চিকেন ও গরুর মাংস আমদানি করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন। তাছাড়া সেদেশে কৃষির উন্নয়নে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে পারবে বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশে কোয়ারেন্টিনের সুবিধা নিশ্চিত করতে কোনো বাংলাদেশি শ্রমিক সংযুক্ত আরব আমিরাত থেকে যদি ফেরত আসতে চায় তবে তারা যেন করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ ধাপে ধাপে আসেন।



