
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৯ জনে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, ৫৫টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৭ জন।
এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৩ লক্ষ ৬০ হাজার ২৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ২০১ জনের।



