পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল হলেন নিনা আহমেদ

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ।
আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক উচ্চ পদে নির্বাচিত হলেন। এ ছাড়া পেনসিলভানিয়া রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং নারী অডিটর জেনারেল পদে নির্বাচিত হলেন। নিনা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন।
২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে থাকা নিনা আহমেদকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব অভিনন্দন জানিয়েছেন। নিনা আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে আমি গর্বিত।
বিজ্ঞানী নিনা আহমেদ একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে নিনা আহমেদ ফিলাডেলফিয়া নগরে মেয়র জিম কেনির অধীনে পাবলিক এনগেজমেন্টের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সে আমেরিকায় যান। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরে আণবিক জীববিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জন করেন। নিনা ও তাঁর স্বামী আহসান ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন।



