
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪১ জনে। এছাড়া একই সময়ে আরও ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে এবং ৫৭৮ জন সুস্থ হয়েছেন।
শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৮৯ জন। আর সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ২০৮ জন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।



