বিশেষ ফ্লাইটে টিকিটের মূল্য কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রবাসীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, জেদ্দা থেকে ঢাকাগামী বিশেষ ফ্লাইটের টিকিটের দাম নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৩০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ হাজার টাকার সমান। ফলে, টিকেট কেনা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা। এ অবস্থায় টিকিটের মূল্য কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তারা।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বিভিন্ন কোম্পানী থেকে ছুটি নেয়ার পরও দেশে আসতে পারেননি সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এসব প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা আগামী ২০ জুন ও পয়লা জুলাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকায় আসার কথা রয়েছে।
তবে, যাত্রী প্রতি বিমানের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ হাজার টাকার সমান। ফলে, টিকিট ক্রয় করতে হিমশিম খাচ্ছেন তারা।
সৌদি প্রবাসী বাংলাদেশিরা জানান, করোনার কারনে দীর্ঘদিন দেশটিতে লকডাউন থাকায়, নিজেদের সঞ্চিত অর্থ ফুরিয়ে গেছে। তাই এত বেশি ভাড়া দিয়ে দেশে ফেরা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় বিমানের টিকিটের মূল্য কমিয়ে, দেশে ফেরার সুযোগ করে দিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীরা।
বর্তমান মহামারীর সময়ে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, বিমান ভাড়া কমে আসবে এমন প্রত্যাশা করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।
এস এইচ হেমায়েত, মক্কা প্রতিনিধি



