বিশ্ববাংলা
আমিরাত থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে কাজের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ায়, বাংলাদেশিরা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
জানা যায়, আমিরাতে কর্মরত বাংলাদেশিরা যে ধরণের কাজের সাথে যুক্ত ছিলেন, করোনা ভাইরাসের কারনে তার অধিকাংশ কাজই বন্ধ হয়ে গেছে। অল্প যা কিছু কাজ অবশিষ্ট আছে, তাতেও আগের মতো আয় করা যাচ্ছেনা।
যারা চাকরী করতেন তারা অনেকেই চাকরী হারিয়েছেন। যারা এখনও হারাননি তাদের বেতন নেমে এসেছে অর্ধেকে। লকডাউন শুরুর পর থেকে, আবুধাবী এবং দুবাই বিমানবন্দর থেকে, ১২টি ফ্লাইট কর্মহীন প্রবাসীদের নিয়ে দেশে ফিরেছে। প্রত্যেকটি ফ্লাইটে গড়ে ২৫০ জন করে প্রবাসী ফিরে এসেছেন।
এভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফিরতে শুরু করায়, বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যের ৫ থেকে৭ লাখ কর্মী, দেশে ফেরার আশঙ্কা করছেন।



