ইস্পাতকঠিন সচেতনতার প্রাচীর গড়ে তুলতে হবে: কাদের

করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত।
ওবায়দুল কাদের সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফুল ফল ফসল হাসি আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্হা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস।
তিনি আরো বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করি। এ মহামারীতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও জানান তিনি। তিনি বলেন, সংক্রমণ না লুকিয়ে রেখে সাথে সাথে নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে বলেন, এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।
সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে এই মহামারী থেকে রক্ষা পেতে, তিনি বলেন, বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার সামিল।
মন্ত্রী আরো বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে,বাড়ছে মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবীদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন, তাদের সবার আত্নার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।



