অন্যান্যবাংলাদেশ

দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,০৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮ টি। সোমবার (১৫ই জুন), স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এসময় অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৯ জন।

এদিকে, ইতিমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে, কিছু জায়গায় রেড জোন চিহ্নিত করে চলছে এলাকাভিত্তিক লকডাউন।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ০৭ হাজার ৮০৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৮৫৫ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button