
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত নয় দফা বাড়ানো হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। নভেল করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এর আগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার ওই ঘোষণার শেষ দিনে নতুন করে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ প্রথম সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও বন্ধ রয়েছে।



