ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

যশোর-বেনাপোল রেল লাইনে মালবাহি ট্রেনের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বন্ধ হয়ে গেছে বাইপাস সড়ক দিয়ে বিভিন্ন পরিবহন চলাচল। এদিকে, শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বেনাপোল রেল পুলিশ-ষ্টেশন ইনচার্জ এস আই, আলতাফ হোসেন জানান, ভারত থেকে আমদানিকৃত পেয়াজ বোঝাই একটি মালবাহি ট্রেন, মধ্যরাতে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। যশোর-বেনাপোল রেল লাইনের দিঘিরপাড় এলাকায় ট্রেনটি পৌঁছুলে, বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ট্রাকটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং দ্রুত ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করে ড্রাইভার ও হেলপার। ফলে বন্ধ হয়ে যায় বাইপাস সড়ক দিয়ে ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল। রেল লাইনের অধিকাংশ এলাকায় সিগন্যাল ম্যানের দায়িত্বহীনতার কারণে, একের পর হতাহত ও দূর্ঘটনা ঘটার অভিযোগ তোলেন, স্থানীয়রা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা।
অন্যদিকে, শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশাভোগ এলাকায় মাহিন্দ্রের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম রিপন একই এলাকার মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে।



