জন্মস্থান সিরাজগঞ্জেই কামাল লোহানীর দাফন

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীকে তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামেই দাফন করা হবে। শনিবার (২০ জুন) দুপুরের দিকে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে তার বাবাকে (কামাল লোহানী) দাফন করা করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। কামাল লোহানী হিসেবে পরিচিত হলেও, তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি।
এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।



