লেবাননে বাংলাদেশি কর্তৃক শিশু নির্যাতন

লেবাননে ষাটোর্ধ্ব এক প্রবাসী বাংলাদেশি কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের শিশু। গত শুক্রবার বৈরুতের মদিনা রিয়াদিয়ায় পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। অভিযুক্ত ধর্ষক মোঃ আলীকে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
শিশুটির মা জানান, মোঃ আলী রিয়াদিয়ায় তাদের পাশের কক্ষে থাকতো। শুক্রবার সকালে তিনি কাজে চলে যাবার পর, ওই ব্যক্তি শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে নির্যাতন করেন। কাজ শেষে বাসায় ফিরলে শিশুটি তাকে সব বলার পর, তিনি শিশুটিকে স্থানীয় রফিক হারিরি হাসপাতালে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে জানায় যে, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার। শিশুটির মা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করলে, পুলিশ মোঃ আলীকে গ্রেপ্তার করে।
বর্তমানে মোঃ আলী তারি জিদিদ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। এদিকে, শিশুটির মা লেবাননের বাংলাদেশ দূতাবাসের কাছেও মোঃ আলীর উপযুক্ত বিচার দাবি করেছেন।



