আখাউড়ায় ভাঙন, লালমনিরহাটে কমছে তিস্তার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ভিটেমাটি, বাড়ি-ঘরসহ নানা স্থাপনা। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরো বেশকিছু পরিবার।
এদিকে, গেল ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত না হওয়ায় লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। তবে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু কিছু স্থানে আমন বীজতলাসহ বিভিন্ন সবজী ও ফসল এখনো পানির নিচে রয়েছে।
গত ১০ দিনের ক্রমাগত ভাঙনের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল উত্তরচর এলাকার কয়েকটি পরিবারের ভিটামাটিসহ নানা স্থাপনা হাওড়া নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে ওই এলাকার আরও অন্তত ১৩টি পরিবার।
নদী ভাঙ্গনে এলাকার ক্ষতিগ্রস্থদের তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে বলে জানান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু দিনের মধ্যে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা সরকারি সহায়তা পাবে বলেও জানান তিনি।
এদিকে, বৃষ্টিপাত ও উজানের পানি না থাকায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি সকাল থেকে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভাটিতে সদর উপজেলার তিস্তা সড়ক ও রেলসেতু পয়েন্টে পানি বিপদসীমা ছুই ছুই করছে।
লালমনিরহাট ও আখাউড়া প্রতিনিধি, বাংলাটিভি



