অন্যান্যবাংলাদেশ

ডেঙ্গু আক্রান্তের হার কম হলেও মশা নিধন কার্যক্রম জোরদারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

রাজধানীতে ক্রমশ বাড়ছে মশার উপদ্রব। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা। এতে করে করোনার মধ্যেই ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ। তবে ঢাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর, শহরের পাশাপাশি গ্রামেও মশা নিধন কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গেল বছর ঢাকা-সহ সারা দেশে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর প্রকোপ। জুন থেকে আগস্ট তিন মাসে আক্রান্ত হন ১ লাখের বেশি। সরকারি হিসাবে মারা যান শতাধিক মানুষ। সমালোচনার মুখে পড়ে, ঢাকার দুই সিটি করপোরেশন। ইস্যু গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।

তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩১৩ জন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিসংখ্যানের তথ্য, গেলো তিন মাসে উত্তর সিটিতে আক্রান্ত হয়েছে ১’শ চার জন। উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছেন তারা।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখনো আক্রান্তের হার কম হলেও আগামীতে কেমন হবে তা নির্ভর করছে, মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে ওপর। ডেঙ্গুর বিস্তার রোধে শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গু নিধন কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মাসুদ সুমন, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button