কুয়েতে জব্দ হচ্ছে পাপুলের ১৩৮ কোটি টাকা

কুয়েতে মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুলের কোম্পানীর প্রায় ১৩৮ কোটি টাকা জব্দ করা হবে।
গত শনিবার কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমস জানিয়েছে, পাপুল ও তার কোম্পানীর ব্যাংক হিসাব জব্দের জন্য, ইতোমধ্যে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছেন সরকারী কৌসুলীরা। সন্দেহভাজন এই অর্থ যাতে তোলা বা স্থানান্তর করা না যায় এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সেগুলো যেন বাজেয়াপ্ত করা যায়,সেজন্য নেয়া হয়েছে এই পদক্ষেপ।
কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিস সূত্রে জানা যায়, পাপুলের কোম্পানী মারাফি কুয়েতিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা রয়েছে। ৫ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার,অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে, কুয়েতি প্রসিকিউশন। আটকের পরদিন থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুয়েতি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পাপুলের মদদদাতা হিসেবে ইতোমধ্যে সাতজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা; তাদের মধ্যে কুয়েতের দুইজন বর্তমান এবং একজন সাবেক পার্লামেন্ট সদস্যও রয়েছেন। তাদের সবার নাম দ্রুত প্রকাশ করে বিচারের আওতায় আনার দাবি উঠেছে দেশটিতে।
আগামী ৬ জুলাই পাপুলের বিরুদ্ধে কুয়েতে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের কথা রয়েছে। এর আগ পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে। অপরাধ প্রমাণ হলে কুয়েতি আইনে পাপুলের পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড এবং সেইসঙ্গে জরিমানা হতে পারে।



