অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়: তথ্যমন্ত্রী

বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি নির্ধারণে সরকার অনুমোদিত কোনো বৈধ প্রতিষ্ঠান নেই বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, এখন কে কাকে টিআরপি দেয়, সেটি তাদের জানা নেই। অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে অবশ্যই একটি শৃঙ্খলা আনতে হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আগে যেমন ক্যাবল নেটওয়ার্কে টিভি চ্যানেলের সিরিয়াল সামনের দিকে রাখার জন্য, এমনকি টিভি চ্যানেল যাতে বিভিন্ন এলাকায় দেখা যায়, সেজন্যও নানা ধরণের অশুভ প্রতিযোগিতা ছিল, অনৈতিকতার আশ্রয় নেয়া হতো, সেটি আমরা বন্ধ করেছি’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তেমনি আমরা জানতে পেরেছি, যে অনুমোদনহীন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো টিআরপি নির্ধারণ করে, সেখানেও অশুভ, অসুস্থ প্রতিযোগিতা হয়, যা কোনোভাবেই কাম্য নয়।’
ভারত, শ্রীলংকা এবং ইউরোপের দেশগুলোতে টিআরপি কিভাবে নির্ধারণ হয় সরকার তা পরীক্ষা-নিরীক্ষা করছে, জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সবচেয়ে বড় টেলিভিশন শিল্পের দেশ ভারতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সংস্থা আছে সেই সংস্থা টিআরপি ঠিক করে দেয়।
এছাড়া ওয়েব সিরিজের নামে অশ্লীলতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ওয়েবসিরিজ, সিনেমা বা যেকোনো কিছু নির্মাণ ও প্রচার করার ক্ষেত্রে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের দিকে অবশ্যই খেয়াল রাখতে হয়। আমাদের একটি কৃষ্টি এবং সংস্কৃতি আছে, আমাদের সমাজের একটি মূল্যবোধ আছে। এটি অনেক সময় অনেকে মাথায় রাখেন না।
বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে এই দোহাই দিয়ে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অবজ্ঞা করে কোনো কিছু করা কখনোই সমীচীন নয়, আইনানুযায়ীও সেটি দন্ডনীয় অপরাধ, বলেন ড. হাছান।



