আওয়ামী লীগ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে: কাদের

মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণই আওয়ামী লীগের অঙ্গীকার। মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২-এ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধরু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধেওর অবিনাশী চেতনার ধারন করে বাংলাদেশ আওয়ামী লীগ, মুজিবাদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যানে শেখ হাসিনা’র নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতির পিতার জন্মশতবর্ষে এবং মহান স্বাধীনতার ৫০ বছরে আমরা বিশ্বমাঝে পরিচিত হতে চাই সাহসী ও সমৃদ্ধ জাতি হিসাবে।
পূর্বপুরুষের রক্তের ঋণ আমরা কেবলমাত্র শোধ করতে পারি সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে-প্রিয় মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার মাধ্যমেই।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণ, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এদেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। আমাদের ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা-বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন বলে তিনি উল্লেখ করেন।
বঙ্গবন্ধুকে রাজনৈতিক মুক্তির রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থনৈতিক মুক্তির রোল মডেল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসের নানান চড়াই-উৎরাই পেরিয়ে, সংকটের পাহাড় মাড়িয়ে, জীবন ঘনিষ্ট কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মাটি ও মানুষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘর। শেখ হাসিনার নেতৃত্বে বার বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া তারই অনন্য নজির।



