ভুল স্বীকার করে ক্ষমা চাইলো আনন্দবাজার

ভারত-চীন উত্তেজনার মধ্যে বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধাকে, খয়রাতি শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে সমালোচনার মুখে পড়েছিলো, সেই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা।
মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রিন্ট ভার্সনে চতুর্থ পৃষ্ঠায় এ ক্ষমা প্রার্থনা করা হয়। এদিকে সংবাদ সংশ্লিষ্টরা বলছেন, আনন্দবাজার ভুল করেছিলো, ক্ষমা চেয়ে তারা সঠিক কাজটি করেছে। ভ্রম সংশোধন শিরোনামে ক্ষমা প্রার্থনা করে সংবাদমাধ্যমটি জানায়, লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং, শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন।
অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। এ বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আনন্দবাজার ওই শব্দ ব্যবহার করে খারাপ সাংবাদিকতার নজির গড়েছিল।
তবে এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে তারা আবারো ভালো সাংবাদিকতায় ফিরল। সাংবাদিকতায় ভুল হতে পারে কিন্তু ভুল করে তা স্বীকার করা সাংবাদিকতার একটি আর্ট।



