করোনারোগীর হাসপাতাল বিল সাড়ে ৯ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ৭০ বছরের এক বৃদ্ধের সুস্থ হতে হাসপাতালে ব্যয় হয়েছে ১১ লাখ ২২ হাজার ৫০১ ডলার বা ৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ১৩৫ টাকা। তবে এর পুরোটাই বহন করছে সরকার।
জানা যায়, ৪ মার্চ মাইকেল ফ্লোর নামের ব্যক্তি সিয়াটলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হাসপাতালে ভর্তি হন। ৬২ দিন চিকিৎসার পর ৫ মে সুস্থ হলে হাসপাতাল থেকে মাইকেল ফ্লোরকে ১৮১ পৃষ্ঠার বিল দেওয়া হয়। এরমধ্যে রয়েছে ইনটেনসিভ কেয়ার রুমের প্রতিদিন ৯ হাজার ৭৩৬ ডলার।
এছাড়া ৪২ দিন তার কক্ষ জীবাণুমুক্ত করতে ৪ লাখ ৯ হাজার ডলার, ২৯ দিন ভেন্টিলেটর ব্যবহারের জন্য ৮২ হাজার ডলার এবং প্রায় ১ লাখ ডলার দুই দিন মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য।
তবে প্রবীণদের জন্য সরকারি স্বাস্থ্য বিমা মেডিকেয়ারের আওতায় থাকায় হাসপাতালের বিল ফ্লোরকে দিতে হবে না। এর পুরোটাই সরকার বহন করবে। কিন্তু যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি এবং এর সামাজিকীকরণ নিয়ে বিতর্ক থাকায় ফ্লোর নিজেকে ‘অপরাধী’ ভাবছেন। কারণ তার চিকিৎসার ব্যয় করদাতাদের অর্থে বহন করা হচ্ছে।



