৪২৫০ কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক

দেশের পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (৪ হাজার ২৫০ কোটি) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দেয়। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে আজ।
বিশ্ব ব্যাংক বলছে, ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহেন্সমেন্ট ফেজ-১’ প্রকল্পে দুইলেনের ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের ভোমরা-সাতক্ষীরা-নাভারণ এবং যশোর-ঝিনাইদহ সড়ক নির্মাণ করা হবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটি জেলাকে সংযুক্ত করতে যশোর-ঝিনাইদহে করিডোর গড়ে তোলা হবে।
দেশের পশ্চিমাঞ্চলে ২৬০ কিলোমিটার অর্থনৈতিক করিডোর গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, তাতে এই ঋণ সহযোগিতা করবে। এতে ওই অঞ্চলের ২ কোটি মানুষ উপকৃত হবেন।
বিশ্ব ব্যাংকের ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ও প্রজেক্ট টাস্ক টিম লিডার রাজেশ রোহাতগি বলেন, ‘করোনার কারণে চাকরি ও আয় হারানোয় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দরিদ্র মানুষেরা। তাদের এই দুর্যোগ কাটিয়ে উঠতে এই প্রকল্প জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তায় এবং গ্রামীণ পর্যায়ের অরক্ষিত মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজের ব্যবস্থা করা হবে।
এমনকি করোনা পরবর্তী সময়ে গ্রামীণ সড়ক ও বাজার নির্মাণ এবং মহাসড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ মানুষের কাজের সুযোগ তৈরি করে দেয়া হবে।’



