বাহরাইন থেকে ফিরলেন ৪১৪ বাংলাদেশি

বুধবার ৪১৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাহরাইন সময় বিকেল সাড়ে ৫টার সময় মানামা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১টা ২০ মিনিটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
দূতাবাস সুত্রে জানা যায়, বাহরাইনে যেসকল প্রবাসী স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরী প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন, তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী অসুস্থ ছিলেন এবং আরো ৪০ জন ছিলেন,বাহারাইন কারাগার হতে মুক্তিপ্রাপ্ত কয়েদি।
দূতাবাস, প্রবাসী কল্যাণ তহবিল থেকে রোগীদের ১৮ জনের পূর্ণবিমান ভাড়া এবং প্রায় ৫০ জনের আংশিক বিমান ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদীদের পূর্ণ বিমান ভাড়া বহন করেছে বাহরাইন সরকার।
যাত্রীদের বিদায় জানাতে, বিমানবন্দরে উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূত ডক্টর মোঃ নজরুল ইসলাম, দূতালয় প্রধান রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।



