
গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১৪ জন ঢাকা বিভাগের ও বাকি ২৬ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে তিনি আরো জানান, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
এদিকে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫০০ জন। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৪৩০ জনের।



