
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত বহুল আলোচিত করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট কিট, জিআর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিবডি ডট ব্লোট এর অনুমোদন দেয়নি সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়ে দেয়া হয়। প্রায় এক মাস ধরে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে গত ১৬ জুন ওষুধ প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ।
এর আগে বিএসএমএমইউ এন্টিবডি শনাক্তে কিটটি কাযকর বললেও ঔষধ প্রশাসন জানিয়েছে, গণস্বাস্থ্যের র্যাপিড টেস্ট কিটের সেনসিভিটির সর্বনিম্ন মাত্রা ৯০ শতাংশ নেই, আছে ৬৯.৭ শতাংশ। ফলে এই কিটের অনুমোদন দেওয়া সম্ভব নয়। যদিও ওই চিঠিতে জানানো হয়েছে, এই কিটের উন্নয়ন করে নির্ধারিত মাত্রায় নেওয়া হয়, তবে বিষয়টি আবার বিবেচনা করা যাবে।
তবে, চিঠিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



