আমিরাতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

আমিরাত সরকার ঘোষিত নতুন বিধি অনুযায়ী রেসিডেন্ট ভিসাধারীদের দেশটিতে ফিরে যাওয়ার কমপক্ষে ৭২ ঘণ্টা আগেই করোনা পরীক্ষা করাতে হবে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে, আমিরাতের অনেকেই বাংলাদেশ থেকে আর ফিরতে পারেননি। বিমান চলাচল পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় অনেকে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে, দেশটিতে ফিরে যাওয়ার কমপক্ষে ৭২ ঘণ্টা আগে করাতে হবে করোনা পরীক্ষা।
যদি ফলাফল নেতিবাচক হয় তবে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। আজ থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা প্রবাসীদের মেনে চলতে বলা হয়েছে। আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ -এনসিইএমএ এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ-আইসিএ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নতুন বিধিগুলো ঘোষণা করেছে।
অনুমোদিত ল্যাবেই করাতে হবে করোনা পরীক্ষা। বর্তমানে বিশ্বের ৩১টি দেশের, ১৫০টি শহরে অনুমোদিত ল্যাব রয়েছে। এনসিইএমএ এবং আইসিএ থেকে বলা হয়েছে, যেসব দেশে আমিরাত সরকার থেকে অনুমোদিত করোনা পরীক্ষার ল্যাব নেই সেসব দেশ থেকে, এই মুহূর্তে কেউ প্রবেশ করতে পারবে না।
প্রবাসীদের সুবিধার্থে দেশটিতে একটি অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটি ডাউনলোড করে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।



