
করোনার এই সংকটকালে রাজধানীবাসীর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বিদ্যুতের ভুতুড়ে বিল। এ নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে নানা কথা বলা হলেও কাজের কাজ যেন কিছুই হচ্ছে না। ভূক্তভোগী গ্রাহকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে মিটারের রিডিং না নিয়েই বিল তৈরি করায় এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
এদিকে, কোনো গ্রাহককে বিদ্যুতের বাড়তি বিল পরিশোধ করতে হবে না- বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এমন আশ্বাসের বেশ ক’দিন পার হলেও এ সঙ্কটের দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছেন না রাজধানীর বিদ্যুৎ গ্রাহকরা।
মনগড়া এসব বিলে মাসের পর মাস ফাঁকা পড়ে থাকা বাড়ির বিলও এসেছে কয়েক হাজার টাকা। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। রামপুরার স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন জানালেন, বিদ্যুতের অস্বাভাবিক বিলের কথা। এমনকি, পরিশোধিত মাসের বিলও পরবর্তী মাসের বিলে নতুন করে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।
গেল দুই মাসেরও বেশি সময় গ্রামের বাড়িতে থাকার পরও কয়েক হাজার টাকার বাড়তি বিলের অভিযোগ করলেন, আরেক গ্রাহক। মনগড়া এসব অস্বাভাবিক বিল নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা সহযোগিতা করেন না বলেও অভিযোগ করেন কেউ কেউ।
করোনা মহামারীর এই সঙ্কটকালে ভুতুরে বিদ্যুৎ বিলের এমন বিড়ম্বনা থেকে দ্রুত মুক্তির প্রত্যাশায় ভুক্তভোগী গ্রাহকরা।
আরমান কায়সার, বাংলাটিভি



