
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। আর করোনা আক্রান্ত হয়ে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৬ জনে।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১২১তম দিনে সোমবার (৬ই জুলাই), স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে ১ কোটি ১৩ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষের।
ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।



