
দেশে গত ২৪ ঘন্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৫১ জনে।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১২২তম দিনে মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৫৩ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৭৮ হাজার ১০২ জন।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে ১ কোটি ১৭ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষের।
ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।



