অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় ভিসি হলেন অমিত চাকমা

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন, বাংলাদেশের ড. অমিত চাকমা। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন তিনি।
১৯৫৯ সালে পার্বত্য চট্টগ্রামে জন্ম নেয়া অমিত চাকমাকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রি দেয়। অমিত চাকমা প্রাকৃতিক গ্যাস প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শেষ করে, বৃত্তি নিয়ে আলজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান।
সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে ১৯৭৭ সালে প্রথমস্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তারপর চাকরী জীবনে ইউনিভার্সিটি অফ ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক এবং ইউনিভার্সিটি অফ রেজিনায় রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর প্রভোষ্ট এবং ইউনিভার্সিটি অফ ওয়েষ্টার্ণ ওন্টারিওর ভিসি পদে দায়িত্ব পালন করেন।
মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া প্রতিনিধি



