অভিযোগ প্রমাণ হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হবে: প্রধানমন্ত্রী

প্রবাসীরা যেন বিভিন্ন দেশে কাজে থাকতে পারে, সেজন্য সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরও জানান, যারা বিদেশ থেকে চলে আসছে তাদের জন্য প্রণোদনা ও ঋণের ব্যবস্থা করছে সরকার। এছাড়া এমপি পাপুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার আসন শূন্য হবে বলেও জানিয়েছেন, প্রধানমন্ত্রী।
স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এসময়, এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিভিন্ন দেশে আবস্থান করা প্রবাসীরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সেজন্য সরকার দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে।
মানবপাচারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, মানবপাচারের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া করোনাজনিত ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে সরকার সমন্বিত জনস্বাস্থ্য প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেছে।
আসাদ রিয়েল, বাংলা টিভি



