মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

সোমবার (৬ জুলাই) মধ্যরাতে গ্রীস সীমান্তের নর্থ মেসিডোনিয়ার গেভগেলিজা শহরে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ মোট ২১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। বাকি ৬৭ জন পাকিস্তানের নাগরিক।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৬৩ জনই অপ্রাপ্তবয়ষ্ক। এর আগে, গত মাসে নর্থ মেসিডোনিয়া থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রুটিন মাফিক টহলে ওই ট্রাক থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। ট্রাকে গাদাগাদি করে তারা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। তিনি মেসিডোনিয়ার নাগরিক, বয়স ২৭ বছর। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিবাসীদের গ্রিসে ফেরত পাঠাতে সীমান্তের একটি ট্রানজিট আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। চলতি বছরের শুরু থেকেই করোনা মহামারির কারণে গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতি বছরই যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশগুলো থেকে অবৈধভাবে গ্রিস হয়ে ইউরোপে পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী ও শরণার্থী। বর্তমানে সিরিয়া, আফগানিস্তান, ইরাক এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা কমপক্ষে ৫ হাজার ২শ শরণার্থী শিশু গ্রিসে অবস্থান করছে।



