
করোনা পরীক্ষা না করেই ভুয়া প্রতিবেদন তৈরি, রোগীরদের কাছ থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৮ আসামির ৭ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। অপর ১ আসামি অপ্রাপ্তবয়স্ক।
বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। এর আগে নানা অনিয়ম ধরা পড়ায় মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়।
এর পরপরই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। এর মধ্যে আটজন গ্রেফতার রয়েছেন। ওই মামলায় শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।



