প্রধানমন্ত্রীবাংলাদেশ

করোনা মোকাবেলায় বিশ্বের অনেক দেশের চেয়েও সফল বাংলাদেশ-সংসদে প্রধানমন্ত্রী

 

করোনা মহামারির কারণে হয়তো বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু দেশের সার্বিক অগ্রগতির কথা মাথায় রেখেই বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণরোধে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের থেকে সফল দাবি করে, সংকট মোকাবেলায় আর্থিক সহায়তা আরও বাড়ানোর কথা জানান সরকারপ্রধান। আজ সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে, এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ সংসদে তুলে ধরেন। বর্তমান সময়ে, যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের বিষয়ে খোঁজখবর রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রশংসা করেন শেখ হাসিনা। সংসদে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, করোনা সংকটে অনেক রাজনৈতিক দল সরকারের কাজের সমালোচনায় ব্যস্ত, তবে তারা কেউ মানুষের পাশে থেকে সেবা করছে না ।

শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি-জামায়াতই দেশে লুটপাটের রাজনীতি কায়েম করেছিলো। তবে সকল অনিয়ম-দুনীতি নির্মূল করতে তাঁর সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বাজেট দেয়া হয়েছে, তবে পরিস্থিতির উন্নতি না হলে বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সংসদে, বাংলাদেশ ব্যাংক গভর্নরের কর্মকালের বয়সসীমা বাড়িয়ে, বাংলাদেশ ব্যাংক সংশোধনী বিল ২০২০ পাস করা হয়েছে। এর ফলে ৬৭ বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button