চারদিন পর বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে এসেছে

চারদিন পর বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের, এতে মোট প্রাণহানি ৫ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পৌনে এককোটি মানুষ।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরো ৬৫৯ জনের মৃত্যু এবং ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৫১ জনের।
একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৫৩৯ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজার। গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে। সেখানে নতুন করে ৫০০ জন করোনায় মারা গেছে। আক্রান্ত ২৯ হাজার বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৮৭ জনের।
এদিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন মানবদেহে সফল প্রয়োগের দাবি করেছে রাশিয়া। সব ধাপ পেরিয়ে এবার ক্লিনিক্যাল ট্রায়ালও শেষ করেছে দেশটি। ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে অন্তত ২১টি ভ্যাকসিনের ট্রায়াল গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।



