স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকান্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর বিচার করতে হবে এবং তাদেরকে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের কোনো সমস্যা চলছে কি-না এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটিই সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবেলায় দিন-রাত কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে। এটি সরকারের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের একটি অংশ মাত্র। এটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমস্যার কোনো ব্যাপার নয়।
এছাড়া, মন্ত্রী বৈঠকে সচিবদের দেশের সকল ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কি-না সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন। পাশাপাশি, কোনো ক্লিনিক ও হাসপাতাল অনৈতিক কোনো কর্মকান্ড হলে তা দ্রুততার সাথে জোড়ালো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।



